
মো কামরুল হোসেন সুমন,মনপুরা: ভোলা জেলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোল্লা পরিবারের সন্তান ও মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিনি হাজিরহাট বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। আব্দুল খালেক সেলিম মোল্লার দাবি, ১৯৮৯ সাল থেকে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু। পরবর্তীতে তিনি মনপুরা উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি বিএনপির মূল দলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য জেল, জুলুম ও নির্যাতন ভোগ করেছেন বলেও দাবি করেন তিনি। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে হাজিরহাট ইউনিয়নের সর্বস্তরের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আব্দুল খালেক সেলিম মোল্লা। সাক্ষাৎকারে আব্দুল খালেক সেলিম মোল্লা বলেন— “আমি ১৯৮৯ সাল থেকে মনপুরা উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। পরবর্তীতে যুবদলের রাজনীতি করেছি। বর্তমানে বিএনপির মূল দলে আছি। দলের জন্য দীর্ঘদিন জেল, জুলুম ও নির্যাতন ভোগ করেছি। আমি আশাবাদী, দল আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে। ইনশাআল্লাহ, মনোনয়ন পেলে হাজিরহাট ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করব।” তিনি আরও বলেন, “আমার কাছে গরিব-ধনী কোনো ভেদাভেদ নেই। সবাইকে সঙ্গে নিয়ে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।” স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎকালে তিনি হাজিরহাট ইউনিয়নের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আব্দুল খালেক সেলিম মোল্লা নিজেকে সাধারণ মানুষের পাশে থাকা একজন সমাজসেবক এবং অন্যায়, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে সোচ্চার ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম নয়নের বিশ্বস্ত ব্যক্তি এবং তার প্রতিনিধি হিসেবে কাজ করছেন বলেও উল্লেখ করেন। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আব্দুল খালেক সেলিম মোল্লা বলেন, দলীয় মনোনয়ন পেলে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে হাজিরহাট ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। শেষে ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের ব্যবসায়ী, সাধারণ মানুষ ও সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন চেয়ারম্যান পদে আগ্রহী এই বিএনপি নেতা।





























