
সাআদ মাহমুদ। হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুরী এলাকায় এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রোববার ভোররাতে গোরকপুর ও পাবিয়াজুরী এলাকায় আকস্মিক ঝড়ে মাত্র প্রায় এক মিনিটের মধ্যে ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। পরে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই-বাছাই করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে সরকারি সহায়তার জন্য তালিকাভুক্ত করা হয়।
বৃহস্পতিবার বিকেলে তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালমান ওমর রুবেল বলেন, “ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সাত দিনের শুকনা খাবার দিয়ে গেছেন। আজ অধিক ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। আমরা যে যেভাবে পেরেছি, ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেছি।
ঘটনার পর থেকেই দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বরাদ্দ আনার উদ্যোগ নেওয়া হয়। সেই বরাদ্দ থেকেই আজকের এই সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত আরও পাঁচজনের তালিকা করা হয়েছে। তাদেরও দ্বিতীয় ধাপে সহায়তা দেওয়া হবে।
এ সময় ঝড়ে ক্ষতিগ্রস্ত দৃষ্টিপ্রতিবন্ধী সফিকুল ইসলাম, বিধবা রাহিলা বেগমসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে সফিকুল ইসলাম বলেন, এমপি সাব আমারে দুই বান টিন আর ছয় হাজার টেহা দিছে। আমার অনেক উপকার অইল। আল্লাহ ওনার ভালো করবে।
আরেক উপকারভোগী রইবুন নেছা বলেন, “আমি অনেক খুশি হয়েছি। ঝড়ে ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পর খুব কষ্টে ছিলাম। এই সহায়তা পেয়ে অনেক উপকার হয়েছে।



























