
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা ও কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর সম্ভাব্য কটিয়াদী সফর সামনে রেখে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সফর সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও শামীমা আফরোজ মারলিজ বলেন, "শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।"
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত কটিয়াদী গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।




























