
আব্দুর রশিদ মোল্লা , শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে এক রাতে চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) ভোররাতে এ চুরি হয়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো বাজারের মুদি ব্যবসায়ী মো. আব্দুর রহমান রতনের দোকান, শ্রী লালন বিশ্বাসের মুদি দোকান, মো. লাবু মোল্লার মুদি দোকান ও মো. নাছির হোসেনের মালিকানাধীন রুকাইয়া এন্টারপ্রাইজ (সার ও কীটনাশকের দোকান)।
দোকানমালিকরা জানান, প্রতিদিনের মতো বেচাকেনা শেষে রাতে দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যান। সকালে বাজারে এসে দেখেন চারটি দোকানেরই শাটার ভাঙা। ভেতরে ক্যাশ টেবিলের ড্রয়ার ভাঙা ও মালপত্র এলোমেলো পড়ে আছে।
মুদি ব্যবসায়ী লালন বিশ্বাস বলেন, ‘চোরেরা শাটারের তালা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশে থাকা নগদ টাকা, দামি সিগারেটসহ বিভিন্ন মালপত্র নিয়ে গেছে। সব মিলিয়ে আমার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।’
আরেক মুদি ব্যবসায়ী লাবু মোল্লা বলেন, তাঁর দোকান থেকে নগদ ৪০ হাজার টাকাসহ প্রায় ৬০ হাজার টাকার মালপত্র চুরি হয়েছে। মুদি ব্যবসায়ী আব্দুর রহমান রতন জানান, তাঁর দোকান থেকে নগদ ৪০ হাজার টাকা ও সিগারেটসহ প্রায় এক লাখ টাকার মালপত্র নিয়ে গেছে চোরেরা। সার ব্যবসায়ী নাছির হোসেন বলেন, তাঁর দোকানের শাটার ভাঙলেও ভেতরে আরেকটি তালা থাকায় চোরেরা ঢুকতে পারেনি।
এদিকে চুরির ঘটনায় বাজারের নাইটগার্ডদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, বাজারে ১২ থেকে ১৪ জন নাইটগার্ডের ডিউটি করার কথা থাকলেও ৩-৪ জন ডিউটি করেন। প্রধান সড়কের পাশের দোকানে কীভাবে চুরি হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। ব্যবসায়ীরা জানান, গত মাসেও বাজারে বাবু মোল্লার সার ও কীটনাশকের দোকানে চুরি হয়েছিল।
ব্যবসায়ীরা সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




























