
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরায় ২টি ওয়ান শুটার গানসহ যুবক আটক
মাগুরার শ্রীপুরে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের এক বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আলম খান (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার খামারপাড়া রোকন মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক আলম খান শ্রীপুর উপজেলার দাইরপোল এলাকার মৃত হাসমত আলী খানের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল খামারপাড়া রোকন মোড় সংলগ্ন মনোজিতের একটি ওয়ার্কশপে অভিযান চালায়। তল্লাশিকালে ওই ওয়ার্কশপ থেকে দুটি অবৈধ ওয়ান শুটার গান উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আলম খানকে আটক করা হয়।
র্যাব জানায়, অবৈধ অস্ত্র সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। জনাকীর্ণ এলাকায় অস্ত্র উদ্ধারের এই ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



























