
আতিক ফারুকী ,নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, ‘আমাদের বিরুদ্ধে কোথাও কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার করার চেষ্টা করা হলে আপনারা ঐক্যবদ্ধভাবে তার জবাব দেবেন।’ তিনি বলেন, ‘১৯৭১ সালে যখন জাতি দিশেহারা ছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীরাই আমাদের দলের মূল শক্তি। গ্রাম থেকে সাধারণ মানুষ বিভিন্ন প্রয়োজনে আপনাদের কাছে আসবে। তাদের সহযোগিতা করবেন এবং যথাযথ মূল্যায়ন করবেন।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, সদস্য কামাল হোসেন, জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এম শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল ও সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ ও মেহেদী হাসান, সদস্যসচিব মুছাব্বির তালুকদার সাগর প্রমুখ।
এ ছাড়া মধ্যনগর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন।





























