
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
সম্ভাবনাময় মেরিন খাতের বিকাশে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ খাতের বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে সরকারকে জানানো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বদলপুরায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে বিশ্ব মেরিটাইম দিবস ও একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহনমন্ত্রী।
অনুষ্ঠানে গার্ড অব অনার, প্যারেড পরিদর্শন, র্যালি, বেলুন ওড়ানো, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ সৃষ্টি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ নেভিগেশন, পরিবেশবান্ধব অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, শুধু সমুদ্রগামী নাবিক তৈরির মধ্যে মেরিটাইম কার্যক্রম সীমাবদ্ধ রাখলে হবে না। শিপ ম্যানেজমেন্ট, বন্দর পরিচালনা, জাহাজ নির্মাণ ও মেরামত, মেরিন ইনস্যুরেন্সসহ বিভিন্ন তীরভিত্তিক মেরিটাইম সেবা সম্প্রসারণ করতে হবে। এর মাধ্যমে সমন্বিত সামুদ্রিক অর্থনীতি গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া এবং নৌপরিবহন বিভাগের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারী।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এ বি এম শামীম। তিনি বলেন, “নীতি থেকে বাস্তবায়ন এবং সম্ভাবনা থেকে উৎকর্ষের পথে এগিয়ে যাওয়ার মাধ্যমেই বাংলাদেশের সামুদ্রিক সম্ভাবনাকে টেকসই অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা সম্ভব।”



























