
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন কারখানা পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার সংচাইল গ্রামের মোমেন মিয়া (৫০) এবং মুরাদনগর উপজেলার কুলুবাড়ী গ্রামের মো: বিল্লাল (৫৩)।
মামলা সূত্রে জানা যায়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর দেবিদ্বার শাখার ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ গত মঙ্গলবার (১৬ জুন) মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ছয় মাস ধরে কুলুবাড়ী-নবীনগর সড়কের পশ্চিম পাশে বিজিডিসিএলের ২ ইঞ্চি বিতরণ লাইনের সঙ্গে অবৈধভাবে সংযোগ নিয়ে একটি চুন কারখানা পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দুপুরে বাখরাবাদ গ্যাসের কর্মকর্তারা সেখানে অভিযান চালান।
অভিযানের সময় অবৈধ সংযোগের কাজে ব্যবহৃত চারটি উচ্চচাপ সহনশীল হোস পাইপ, চারটি ফোকাস বার্নার ভাল্ব এবং দুটি সার্ভিস টি জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগটি স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।
এ ঘটনায় ছয় মাসের গ্যাস বিল ও জরিমানা বাবদ মোট ১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ২২৪ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দায়ের করা মামলার ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




























