
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট অর্থোপেডিক বিশেষজ্ঞ ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা মানিক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বুধবার (২৪ জুন) সকাল ৬টার দিকে কিশোরগঞ্জে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে চিকিৎসক সমাজ, সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে। তিনি মরহুম আইনুল হক মাস্টারের ষষ্ঠ সন্তান।দীর্ঘ কর্মজীবনে অধ্যাপক ডা. মানিক একজন দক্ষ ও সুনামধন্য অর্থোপেডিক চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেন। চিকিৎসা পেশাকে তিনি কেবল জীবিকার মাধ্যম হিসেবে নয়, মানবসেবার ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। রোগীদের প্রতি আন্তরিকতা, দায়িত্ববোধ ও মানবিক আচরণের কারণে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে সমানভাবে শ্রদ্ধাভাজন ছিলেন।স্বজন ও সহকর্মীদের মতে, ব্যস্ত পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় তিনি ছিলেন সদা নিবেদিত। মানুষের কষ্ট লাঘবে তাঁর আন্তরিক প্রচেষ্টা এবং মানবিক মূল্যবোধ তাঁকে অন্যদের থেকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে।মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তিন দফায় জানাজার আয়োজন করা হয়। প্রথম জানাজা সকাল ১০টায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা জোহরের নামাজের পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে এবং তৃতীয় ও শেষ জানাজা বিকেল ৫টায় তাঁর নিজ গ্রাম চন্ডিপাশা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শেষ বিদায়ে সহকর্মী, শিক্ষার্থী, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।




























