
নারায়ণগঞ্জে সরকারি অনুমোদনপ্রাপ্ত মাদকাসক্তি পুনর্বাসন ও সহায়তা কেন্দ্র ‘প্রয়াস’-এ সুস্থতা অর্জনকারী ব্যক্তিদের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রয়াসের নির্বাহী পরিচালক সোহেল হোসেন। তিনি সুস্থতা অর্জনকারী ব্যক্তিদের অভিনন্দন জানান এবং তাদের অর্জনের স্বীকৃতিস্বরূপ স্মারক উপহার প্রদান করেন। একই সঙ্গে সুস্থতা কার্যক্রমের প্রথম ধাপ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের হাতে কোর্স সমাপনী সনদ তুলে দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম। এ সময় সাইকোলজিস্ট কাজী রুম্পা, পরামর্শক সাজ্জাদ, এডুকেটর শেখ ফরিদ, শওকত, সবুজ, লিটন, মেহেদী, আমজাদ ও রোমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেনারেল ম্যানেজার দিলাওয়ার হোসাইন।
বক্তারা বলেন, মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে সমাজের মূলধারায় ফিরে আসা একটি বড় অর্জন। এ ধরনের আয়োজন সুস্থতা অর্জনকারী ব্যক্তিদের অনুপ্রাণিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, দীর্ঘদিন ধরে ‘প্রয়াস’ মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সেবাগ্রহীতা ও তাদের স্বজনদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। শেষ পর্বে নারায়ণগঞ্জের ব্যান্ড ‘চিহ্ন’-এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




























