
।
মোঃ আশিকুর সরকার (রাব্বি)
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারী ফাজিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নবীন শিক্ষার্থীদের বরণ, দিকনির্দেশনামূলক বক্তব্য, সবক প্রদান ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দামারী ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজারহাট সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি (ইউপি সদস্য) মোঃ লাভলু মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য মো. হোসেন আলী মাস্টার, দাতা সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল গনি সরকারসহ গভর্নিং বডির অন্যান্য সদস্য, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম বলেন,প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান ধরে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে অংশগ্রহণের পাশাপাশি অভিভাবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে। একই সঙ্গে দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর জোর গুরুত্বারোপ করেন তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আরবি প্রভাষক মো. রাকিবুল ইসলাম ও সিনিয়র শিক্ষক নুর মোহাম্মদ সরকারসহ অন্যান্য শিক্ষকগণ। নবীনদের মাঝে সবক প্রদান করেন সহকারী অধ্যাপক মো. নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহা. মনসুর আলী। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, ভালো ফলাফল অর্জন এবং সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার আরবি প্রভাষক মো. আমিনুল ইসলাম। সম্পূর্ণ অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইসলামের ইতিহাসের প্রভাষক মো. রবিউল ইসলাম ও সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম রাজু।




























