
।
মোতালেব হোসেন(কুমিল্লা)।।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৪১৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। এদের মধ্যে বেশি সংখ্যকই হচ্ছে উঠতি বয়সের তরুণ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় এবং সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান চালায়। কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ জানিয়েছে, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




























