
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মাসুম বিল্লাহর মা মারা গেছেন। শুক্রবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার সকাল ১১টায় উপজেলার কড়ইতলা রওজাতুল মোত্তাকিন দাখিল মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেওয়া বক্তারা মরহুমাকে একজন মহিয়সী নারী হিসেবে স্মরণ করেন। তাঁরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জানাজায় আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, নারায়ণগঞ্জ ও আড়াইহাজারের সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মরহুমা দুই ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী প্রয়াত মোদাচ্ছের হোসেন সুলতান ছিলেন দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ সাংবাদিক এবং আড়াইহাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।
জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।



























