
শেরপুর প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরে দরিদ্র ও অসহায় হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে 'নৈতিক সম্প্রীতি এবং অহিংস সামাজিক বেষ্টনী' সংগঠনের উদ্যোগে গৌরীপুরস্থ নিজ কার্যালয়ে শতাধিক পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল— চাল, ডাল, তেল, আলু, লবণ ও পেঁয়াজ।
সংগঠনের সভাপতি কাজী আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং বিজয় কৃষ্ণ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি প্রিয়তোষ সরকার ও সমাজকর্মী তাহমিনা জলি। প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া সামাদ ডালিয়া বলেন, "আমরা হিন্দু-মুসলমান সবাই একসাথে বসবাস করি। একে অপরের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই আমাদের মূল ধর্ম। আমরা যত বেশি মনুষ্যত্ব চর্চা করব, ততই প্রকৃত মানুষ হয়ে উঠব।





























