
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়ারঃ
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দুটি মসজিদে নামাজ আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে পুরোনো একটি মসজিদ ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের আইড়ল গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আইড়ল গ্রামের পূর্বপাড়ায় আইড়ল জামে মসজিদ নামে একটি পুরোনো মসজিদ রয়েছে। পরে পশ্চিমপাড়ায় আরেকটি মসজিদ নির্মাণ করা হলে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। প্রায় ছয় বছর আগে নির্মিত নতুন মসজিদে আইনি জটিলতা কাটিয়ে গত সেপ্টেম্বর থেকে নামাজ আদায় শুরু হয়। তবে পুরোনো মসজিদেও নামাজ চলছিল।
স্থানীয়দের ভাষ্য, দুটি মসজিদে নামাজ আদায়কে কেন্দ্র করে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার উভয় পক্ষ নিজ নিজ মসজিদে জুমার নামাজ আদায় করে। পরে নতুন মসজিদের পক্ষের লোকজন পুরোনো মসজিদটি ভেঙে ফেলেন বলে অভিযোগ ওঠে। দুটি মসজিদের মধ্যে দূরত্ব প্রায় ৩০ থেকে ৩৫ গজ।
মসজিদ ভাঙচুরের আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে বলেও স্থানীয় সূত্র জানিয়েছে। এতে কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে।
পরিস্থিতি বিবেচনায় দুই মসজিদেই পুলিশ সদস্যরা জুমার নামাজ আদায় করেন বলে স্থানীয় সূত্র জানায়। পরে পুরোনো মসজিদে হামলার খবর পেয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলামসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদও।
স্থানীয় বাসিন্দা মুজিবুল হক অভিযোগ করে বলেন, নতুন মসজিদের পক্ষের লোকজন পুরোনো মসজিদে হামলা চালিয়ে মিম্বর ও দেয়াল ভেঙে ফেলেছেন। বর্তমানে ভাঙা মসজিদেই নামাজ আদায় করা হচ্ছে।
আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, “মসজিদ ভাঙা ঠিক হয়নি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ বলেন, মসজিদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ভাঙচুরের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ক্ষতিগ্রস্ত পক্ষ মামলা করার কথা জানিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনায় বসার উদ্যোগও নেওয়া হচ্ছে।
এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।




























