
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানকালে বালুভর্তি একটি লরি, তিনটি ড্রাম ট্রাক ও ৮–১০টি ব্যাটারি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একদল অসাধু চক্র দীর্ঘদিন ধরে শীতলক্ষ্যা নদীর শ্রীপুর অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীপাড়ের ফসলি জমি ও পরিবেশ হুমকির মুখে পড়ে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান দল ঘটনাস্থল থেকে বালু পরিবহনে ব্যবহৃত যানবাহন ও সরঞ্জামাদি জব্দ করে এবং তাত্ক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদণ্ড অনাদায়ে শাস্তির নির্দেশ দেয়।স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রশাসনের এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ধ্বংসকারী ও নদী দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান আগামীতেও জারি থাকবে।




























