
মো: ইয়াছিন সরকার মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই (নিঃ) মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) ফেরদৌস রনী, এসআই (নিঃ) রিয়াজুল মোস্তফা, এএসআই (নিঃ) মো. আল আমিন এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে হায়দরাবাদ এলাকার একটি গোয়াল ঘরে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে খাকি কসটেপে মোড়ানো মোট ১০টি পুটলা উদ্ধার করা হয়। প্রতিটি পুটলায় ২ কেজি করে সর্বমোট ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় মামলা নং-১৩, তারিখ ৩০ জুলাই ২০২৬ রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) ফেরদৌস রনীর ওপর ন্যস্ত করা হয়েছে। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




























