
মনোয়ার শাজাহানপুর প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে আরিফ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের খরনা কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, একটি ধানবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়।
এতে মোটরসাইকেল আরোহী আরিফ ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহত আরিফ উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত দুদু মিয়ার ছেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ঘাতক ধানবোঝাই ট্রাকটি আটক করে শাজাহানপুর থানা নিয়ে যায় । এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




























