
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৯ জুলাই) বন বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস মিলনায়তনে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে রেঞ্জ অফিস সংলগ্ন শরণখোলা বাজারে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বনজীবী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, পরিবেশ সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলার সাউথখালী ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিক্ষার্থীদের আঁকা ছবিতে সুন্দরবনের জীববৈচিত্র্য, বাঘের আবাসস্থলসহ নানা বিষয় ফুটে ওঠে। দুপুরে রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পাথরঘাটার জ্ঞানপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম কামরুল ইসলাম, আইইউসিএনের প্রোগ্রাম ম্যানেজার সুলতান আহমেদ, সাংবাদিক এস. এস. শোভন, শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, ওয়াইল্ড টিমের সদস্য আলম হাওলাদার, চরদোয়ানী বন্যপ্রাণী সুরক্ষা কমিটির সদস্য মো. মিজানুর রহমান, সিপিজি সদস্য আবুল আসলাম তুহিন বয়াতি, ভিটিআরটি সদস্য জাকারিয়া হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, রয়েল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনের নয়, এটি বাংলাদেশের গর্ব এবং বিশ্ব জীববৈচিত্র্যের অন্যতম প্রতীক। সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাঘের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বাঘ ও তার আবাসস্থল রক্ষায় বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। মানুষের মাঝে আরও বেশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। বন ও বন্যপ্রাণী রক্ষায় সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান বক্তারা। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।



























