
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে এক ব্যক্তির সাত লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে চোর চক্র। সোমবার দুপুরে পৌর এলাকার কুমারশীল মোড়ের ব্যাংকের কর্পোরেট শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
একাধিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে আবু ইউসুফ বাবু নামে এক ব্যক্তি সাত লাখ ৮০ হাজার টাকার পে-অর্ডার কাটতে ব্যাংকে আসেন। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশে টেবিলে বসে জমা ভাউচার লিখছিলেন। এ সময় চোর চক্রের এক সদস্য এসে কৌশলে টাকার ব্যাগটি কাউন্টার থেকে নিয়ে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আবু ইউসুফ বাবু বলেন, ‘জেলা সাব রেজিস্ট্রি অফিসের নামে পে অর্ডারে সাত লাখ ৮০ হাজার টাকা জমা দেওয়ার জন্য দুপুরে সোনালী ব্যাংকে যান। তিনি ক্যাশ কাউন্টারের সামনে টাকার ব্যাগ রেখে ভাউচার লিখছিলেন। এ সময় একটি চক্র টাকা নিয়ে পালিয়ে যায়।
সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখার প্রধান মো শরীফুল হক জানান, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে জমার ভাউচার লিখছিলেন। টাকার দিকে নজর না রাখায় চোর চক্র কৌশলে টাকা নিয়ে ব্যাংক থেকে চলে যায়। গ্রাহকের অসাবধানতার কারণেই এই অনকাঙ্খিত ঘটনাটি ঘটেছে। সিসিটিভির ফুটেজে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, সোনালী ব্যাংক থেকে একজন গ্রাহকের টাকা চুরির একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে অভিযোগ অনুযায়ি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




























