
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৬৬ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিট।
১৪ সেপ্টেম্বর সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৬৬ পরিবারের মধ্যে ৫৬৬ পরিবারকে প্রত্যেককে ৮ হাজার টাকা করে মোট ৪৫ লক্ষ ২৮ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ২'শ পরিবারের মাঝে ১০ হাজার টাকা মূল্যমানের ফুড প্যাকেজ ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস. এম. দিদারুল ইসলাম সিকদার, প্রধান শিক্ষক যথাক্রমে ওসমান আলী, বিজয়ানন্দ বড়ুয়া, ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক প্রমূখ।
বক্তাগণ বলেন, দুর্যোগ ও বিপদের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো রেড ক্রিসেন্টের অন্যতম প্রধান দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে তাদের এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়াই তাদের কাজ। দুর্যোগের সময়ে এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।




























