
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট), গাজীপুরে শিক্ষকবৃন্দের জন্য মঞ্জুরকৃত ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পগুলোর ফলাফল, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। এতে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। স্বাগত বক্তব্য দেন দপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহজালাল খন্দকার। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর সমাধান উদ্ভাবনের মধ্য দিয়েই দেশের শিল্প, অর্থনীতি ও সমাজে কার্যকর অবদান রাখা সম্ভব। তিনি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে অধিকতর গবেষণা প্রকাশনা, পেটেন্ট অর্জন এবং শিল্পখাতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ডুয়েটে গবেষণাকেন্দ্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং উদ্ভাবনী কর্মকাণ্ডকে উৎসাহিত করবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, প্রকাশনা ও আন্তর্জাতিক র্যাংকিং উন্নয়নে গবেষণা খাতে আর্থিক বরাদ্দ বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার গবেষকদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, গবেষণার ফলাফল যেন শিল্পকারখানা ও বাস্তব জীবনে প্রয়োগযোগ্য হয়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।




























