
মো: ইয়াছিন সরকার মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :কুমিল্লার মুরাদনগর উপজেলার বহুল প্রতীক্ষিত পান্নারপুল-কৃষ্ণপুর সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এ সড়কের কারণে স্থানীয়দের দুর্ভোগের অবসান ঘটাতে ধর্মবিষয়ক মন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (এমপি) এর উদ্যোগে সড়কটির নির্মাণ ও সংস্কারকাজ শুরু হয়েছে।বুধবার (১৫ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রাসেল।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষার্থী, কর্মজীবী, কৃষক ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে সড়কের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান ছিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, যুবদলের সদস্য মাসুম মুন্সি, বিএনপি নেতা শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ বলেন, সড়কটির নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা হবে।সংশ্লিষ্টরা জানান, সড়কটির নির্মাণকাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং সাধারণ মানুষের যাতায়াতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।





























