
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
গত ৫ দিন ধরে অবিরাম ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারনে শঙ্খ নদীর পানি বৃদ্ধি পেয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পানিবন্দী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা। গত ২ দিন থেকে ১০ জুলাই পর্যন্ত দিয়াকুল, চাগাচর, পূর্ব দোহাজারী, রায়জোয়ারা, জামিজুরী এলাকায় সরেজমিন পরিদর্শন করে বন্যায় প্লাবিত ও পানিবন্দী হয়ে রান্নার অনুপযোগী অবস্থায় থাকা পরিবারসমূহকে শুকনো খাবারের প্যাকেট তুলে দেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা।
এ সময় পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা বলেন, “পৌরসভার কোনো নাগরিক যেন এই দুর্যোগে না খেয়ে না থাকেন, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দী মানুষের হাতে এই শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, আমাদের এই জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভা সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো: নাঈম উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, কর আদায়কারী কর্মকর্তা তপন কুমার শর্মা, লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান, বাজার পরিদর্শক সাখাওয়াত হোসেন মিন্টু, টিকাদানকারী মো: মাহাবুব ইসলাম, বিদ্যুৎ হেলপার মো: রাশেদ, রিদুয়ান হোসাইন রানা, মো: কামাল উদ্দিন, আবু সাঈদ, মো: ইকবাল, মো: রফিক।





























