
শফিকুল স্টাফ রিপোর্টারঃগাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আজ (২৪ জুন) ১৯তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।সভায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি, নাগরিক সেবার মানোন্নয়ন এবং গাজীপুর মহানগরীর টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা হয়।সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম (যুগ্মসচিব), ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, প্রধান প্রকৌশলী জনাব মোঃ আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব সুদীপ বসাক এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা। এছাড়াও কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণ সভায় অংশ নেন।সভায় বিগত কর্পোরেশন সভার কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এরপর গাজীপুর মহানগরীর সার্বিক উন্নয়নে বিভিন্ন নতুন উন্নয়নমূলক প্রকল্প, ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা), রাজস্ব আদায় বৃদ্ধি, জনস্বাস্থ্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পত্তি ব্যবস্থাপনাসহ নাগরিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।সভাপতির বক্তব্যে প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার বলেন, "নগরবাসীর সেবার মান উন্নত করা এবং চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করাই আমাদের প্রধান লক্ষ্য। গাজীপুরকে একটি আধুনিক ও টেকসই মহানগরী হিসেবে গড়ে তুলতে সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে।" তিনি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখার জন্য কর্মকর্তা ও কর্মচারীদের কড়া নির্দেশ দেন।




























