
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর মহানগরের কাশিমপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাদিয়া নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সাদিয়া পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার তেলিপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে। পরিবারের সঙ্গে সে জরুন দক্ষিণ কাশিমপুর এলাকায় ফজলু মোল্লার বাড়িতে ভাড়া থাকতো। স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল সাদিয়া।
সাদিয়ার নানা জানান, কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় কোনাবাড়ি ক্লিনিকে পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে তাকে ঢাকা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ রোববার সকালে উন্নত চিকিৎসার জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতে সাদিয়ার মরদেহ গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছে।
ছোট্ট শিশু সাদিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেডিকেল থেকে মরদেহ আনার সাথে সাথেই আশেপাশের পরিবেশ যেন ভারি হয়ে আসে।
পাড়াপড়শি সবাই কান্নায় ভেঙ্গে পড়েন।
এলকাবাসী দাবি করেন গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে যদি সঠিক সময় ডেঙ্গু মশার স্প্রে করা হতো তাহলে সাদিয়ার এমন অকাল
মৃত্যু হতনা। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,
বাসা বাড়ীর ময়লাও সঠিক সময় নেওয়া হচ্ছে না। যার কারণে মশা আরও বিস্তার লাভ করছে।




























