
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার কো লিমিটেড’ ডাইং কারখানায় কাজ করার সময় হঠাৎ করেই অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে কারখানার সুইং সেকশনে এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল ও কারখানা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। কাজ শুরু করার কিছুক্ষণ পর ৫ম তলার সুইং বিভাগের কয়েকজন শ্রমিক হঠাৎ মাথা ঘোরা, তীব্র পেটব্যথা ও বমি বমি ভাব অনুভব করে জ্ঞান হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে এই অসুস্থতা অন্যান্য শ্রমিকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ ও সহকর্মীরা তাৎক্ষণিকভাবে অসুস্থদের উদ্ধার করে স্থানীয় আল-হেরা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়া শ্রমিকদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।এদিকে এই ঘটনার পর কারখানার সাধারণ শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই কাজ ফেলে কারখানা থেকে বের হয়ে যান। খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও বিশৃঙ্খলা এড়াতে কারখানা এলাকায় দ্রুত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুন এই একই কারখানায় লিজা আক্তার নামে এক নারী শ্রমিক অসুস্থ অবস্থায় ছুটি না পেয়ে কাজ করার সময় মারা যান বলে অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে শ্রীপুরে ব্যাপক শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর হয়েছিল। পূর্বের সেই ঘটনার স্মৃতি তাজা থাকায়, আজ আবারও একসঙ্গে এত শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। কারখানার ভেতরে বিষাক্ত কোনো গ্যাস, তীব্র গরম নাকি অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে—তা খতিয়ে দেখছে পুলিশ।





























