
মজমুল হক গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা তীরবর্তী শহর রক্ষা ওয়াপদা বাঁধের কয়েকটি অংশ ধসে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
আজ সোমবার (১৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের গোডাউনের হাটের প্রায় ৪০০ গজ পশ্চিমে তিস্তা তীরবর্তী শহর রক্ষা বাঁধের টপ (উপরের অংশ) ধসে যায়। ফলে ওই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়রা জানান, বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে পায়ে হেঁটে চলাচল করতেও সমস্যা হচ্ছে। এছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা, ভ্যানসহ অন্যান্ন যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে এলাকার মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





























