
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩১ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ৪৫৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পৌর প্রশাসক ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৪৫৬ টাকা এবং প্রকল্পসহ উন্নয়ন খাতে ২৫ কোটি ৯২ লাখ ৯৬ হাজার ২ টাকা আয় ধরা হয়েছে। অন্যদিকে, রাজস্ব খাতে ৫ কোটি ৪৫ লাখ ৮০ হাজার টাকা এবং প্রকল্পসহ উন্নয়ন খাতে ২৫ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এতে রাজস্ব খাতে ৪ লাখ ৩ হাজার ৪৫৬ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে। বাজেট ঘোষণা শেষে মো. বরকত উল্লাহ বলেন, এ বাজেট বাস্তবমুখী ও জনকল্যাণমূলক পরিকল্পনার ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থার আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনজুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আওলাদ হোসেন, মো. মিজানুর রহমান, অসিত কুমার পাল, মোছা. নার্গিস সুলতানা, হিসাবরক্ষক শাহীন আলম, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




























