
সাআদ মাহমুদ, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫৫৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে প্রস্তাবিত এ বাজেট মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপস্থাপন করেন পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি।
ঘোষিত বাজেটে বিভিন্ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৩ লাখ ৯৫ হাজার টাকা। বাজেটে নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
পৌর প্রশাসক জানান, পরিচ্ছন্ন ও আধুনিক পৌর এলাকা গড়ে তুলতে বাসাবাড়ি থেকে নিয়মিত ময়লা-আবর্জনা সংগ্রহ ব্যবস্থা জোরদার করা হবে। এছাড়া ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প বাস্তবায়ন, কবরস্থান ও শ্মশান নির্মাণের জন্যও বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি পৌরবাসীর প্রতি পৌরকর, ব্যবসা লাইসেন্স ফি, দোকানভাড়া, পানির বিলসহ পৌরসভার সকল বকেয়া পাওনা যথাসময়ে পরিশোধের আহ্বান জানান। তিনি বলেন, নাগরিকদের সহযোগিতা ও রাজস্ব আদায়ের মাধ্যমে পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হক, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মো. শাকের উল্লাহ, ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।




























