
সাআদ মাহমুদ, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিন মাদক সেবী ও কারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২৬ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়। আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ।দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার আকনপাড়া গ্রামের নূর ইসলাম মীরের ছেলে অনিক মীর (২৪), একই গ্রামের ফারুক খানের ছেলে সাকিদুল ইসলাম (২৬) এবং শাপলা বাজার এলাকার রইছ উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৩২)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”উল্লেখ্য, মাদক নির্মূলে হালুয়াঘাট উপজেলা প্রশাসন সম্প্রতি কঠোর অবস্থান গ্রহণ করেছে। চলতি জুন মাসে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়।উপজেলা প্রশাসনের এমন ধারাবাহিক তৎপরতায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত হালুয়াঘাট গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।




























