
সাআদ মাহমুদ, হালুয়াঘাট প্রতিনিধি। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৩নং কৈচাপুর ইউনিয়নের জুগাবিলাকান্দা গ্রামে স্বামীর হাতে স্ত্রী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহত শিরিনা আক্তার (৩০) ওই গ্রামের বাসিন্দা এবং হাবিবুর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ ও সংসারের ভরণপোষণ সংক্রান্ত বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে হাবিবুর রহমান বাজার করে দেওয়ার কথা বলে স্ত্রী শিরিনা আক্তারকে বাড়ির পাশের একটি পতিত জমিতে নিয়ে যান। সেখানে ধারালো কৃষি যন্ত্র কোদালের আঘাতে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। নিহতের ৯ বছর বয়সী মেয়ে চাঁদনী জানায়, তার বাবা বাজার করে দেওয়ার কথা বলে তার মাকে সঙ্গে নিয়ে যান। কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের মাধ্যমে সে তার মায়ের মৃত্যুর খবর জানতে পারে। সে তার মায়ের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিরিনা আক্তারের একমাত্র ছেলে অনিক হাসানের বয়স মাত্র দেড় বছর। মায়ের মৃত্যুতে দুই সন্তানই এখন অসহায় অবস্থায় রয়েছে। নিহতের ফুফু আনোয়ারা বেগম জানান, হাবিবুর রহমান দুটি বিয়ে করেছিলেন এবং শিরিনা আক্তার ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। ঘটনার পরপরই অভিযুক্ত হাবিবুর রহমান এলাকা ছেড়ে পালিয়ে যান। এ ঘটনায় অভিযুক্তের পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে হালুয়াঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। হালুয়াঘাট থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাম্মেল হক বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার ও সুরতহাল কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।” নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।




























