
সাআদ মাহমুদ, হালুয়াঘাট প্রতিনিধি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের জুগাবিলাকান্দা গ্রামে স্ত্রী শিরিনা আক্তার (৩০) হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নিহত পরিবারের খোঁজখবর নিয়ে তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর উপজেলার সরচাপুর গ্রামের মনো পাইকারের বাড়িতে অভিযান চালায় হালুয়াঘাট থানা পুলিশ। গ্রেপ্তার এড়াতে হাবিবুর রহমান মোবাইল ফোন বন্ধ রেখে ওই বাড়িতে আত্মগোপন করেছিলেন। একপর্যায়ে বাড়ির দরজা ভেঙে তাকে আটক করা হয়।এর আগে গত বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের জুগাবিলাকান্দা গ্রামের একটি ধানখেতে বাজার করে দেওয়ার কথা বলে দ্বিতীয় স্ত্রী শিরিনা আক্তারকে নিয়ে যান হাবিবুর রহমান। সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কোদাল দিয়ে শিরিনার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত হাবিবুর রহমান পালিয়ে যান।এ ঘটনায় নিহতের বোন মমতা বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল।হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, “গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবুর রহমান স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”এদিকে ঘটনার খবর পেয়ে নিহত শিরিনা আক্তারের পরিবারের খোঁজখবর নেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল। তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সকল দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।




























