
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ । থানা পুলিশ সূত্রে জানা যায় গতকাল ২১ জুন রবিবার রাতে জামালগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আহসান হাবীবের ইলেকট্রিক অ্যান্ড নেটওয়ার্কিং দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি পুরাতন ডিসকভার-১১০ সিসি মোটরসাইকেলসহ মো. আলমগীর (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃত আলমগীর উপজেলার ভীমখালী ইউনিয়নের মানিগাঁও গ্রামের আব্দুল আজিজের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।




























