
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
জনসাধারণের অভিযোগ, সমস্যা ও সেবাপ্রাপ্তি সহজতর করতে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাধারণ মানুষ ভূমি, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, কৃষি, অবকাঠামো, নাগরিক সেবা, ভাতা এবং রাস্তা-ঘাটসহ নানা বিষয়ে নিজেদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়। অন্যান্য অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সদর ইউনিয়নের কালীপুর গ্রামের বাসিন্দা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফর আলী বলেন, দীর্ঘদিন ধরে পানির সমস্যায় ভুগছিলেন তিনি। গণশুনানিতে সরাসরি ইউএনওর কাছে বিষয়টি তুলে ধরতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছেন। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষ উপকৃত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, জনগণের দোরগোড়ায় প্রশাসনের সেবা পৌঁছে দেওয়া এবং তাদের সমস্যার কথা সরাসরি শুনতেই গণশুনানির আয়োজন করা হয়েছে। তিনি জানান, এখন থেকে প্রতি বুধবার নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হবে। মানুষের সমস্যাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও কার্যকরভাবে সমাধানে উপজেলা প্রশাসন কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন।





























