
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি তৈরি পোশাক কারখানার সরবরাহকৃত পানি পান করে অন্তত তিন শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ‘ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড’ নামের কারখানায় এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ সকালেও শ্রমিকেরা যথারীতি কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেন। কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই তারা কারখানার সরবরাহকৃত পানি পান করেন। এর কিছুক্ষণ পর প্রথমে কারখানার চতুর্থ তলার কয়েকজন শ্রমিকের মধ্যে মাথা ঘোরানো, বমি ও শারীরিক অস্বাভাবিকতা দেখা দেয়। পর্যায়ক্রমে অন্যান্য তলার শ্রমিকেরা ফ্লোরে মাথা ঘুরে পড়ে যেতে থাকেন এবং অনেকে অচেতন হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে সিংহভাগই নারী শ্রমিক বলে জানা গেছে।অসুস্থ শ্রমিকেরা জানান, পানি পানের পরপরই সবার মধ্যে তীব্র অস্বস্তি ও অস্বাভাবিকতা শুরু হয়। এক পর্যায়ে সহকর্মীরা ফ্লোরে পড়ে গেলে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে অনেক শ্রমিককে কারখানার ভেতরেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।




























