
মোঃ সোহরাব উদ্দিন মণ্ডল,গাজীপুর জেলা এনএসআই, গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকার সাইন্সল্যাব হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে হাসপাতালটি সিলগালা করা হয় এবং ভুয়া চিকিৎসকসহ দুইজনকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তিনজনের কাছ থেকে মোট ১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।রবিবার (৫ জুলাই) এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান।আদালত সূত্রে জানা যায়, বিএমডিসি আইন, ২০১০-এর ৮ ধারায় ভুয়া চিকিৎসক কাওসার আহমেদকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই আইনে হাসপাতালের ম্যানেজার লিটন হোসেনকে ৩৪ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় এস এম বুলবুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং হাসপাতাল সিন্ডিকেটের সঙ্গে জড়িত মাহাদি হাসানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতে প্রাপ্ত তথ্যে জানা যায়, সাইন্সল্যাব হাসপাতালটির সিভিল সার্জন কার্যালয়ের কোনো নিবন্ধন ছিল না। এছাড়া হাসপাতালটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও ছিল না। হাসপাতালের ল্যাবরেটরিতে নির্ধারিত মান বজায় রাখা হচ্ছিল না এবং একজন চিকিৎসকের প্রেসক্রিপশন অন্য চিকিৎসকের নামে ব্যবহার করারও প্রমাণ পাওয়া যায়।এসব অনিয়মের প্রেক্ষিতে জনস্বার্থে হাসপাতালটি সিলগালা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।





























