
।মোতালেব হোসেন(কুমিল্লা)।। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে দুই আইনজীবীর নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। নিয়োগ বাতিল হওয়া এই দুই আইনজীবী সম্প্রতি আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনগত কার্যক্রমে যুক্ত ছিলেন।বৃহস্পতিবার (১৮ জুন) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনকারী অ্যাডভোকেট মো. মনির হোসেন পাটোয়ারী এবং অ্যাডভোকেট সাইদুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে।আদেশে বলা হয়, ২০২৪ সালের ২৯ অক্টোবর জারি করা নিয়োগসংক্রান্ত স্মারকের মাধ্যমে তাদের যে নিয়োগ প্রদান করা হয়েছিল, তা অবিলম্বে বাতিল করা হলো। আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।প্রজ্ঞাপনের অনুলিপি জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ, পাবলিক প্রসিকিউটরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।এ বিষয়ে অ্যাডভোকেট মো. মনির হোসেন পাটোয়ারী বলেন, “জিসানের আইনজীবী হওয়ায় নিয়োগ বাতিলের কারণ হতে পারে বলে ধারণা করছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ বা উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।”তবে নিয়োগ বাতিলের বিষয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।




























