
।কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে।মঙ্গলবার (১৭ জুন) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সুত্র জানায়, অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার অভ্যন্তরে বাংলাদেশের নিমসার বাজার এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করে বিজিবির টহল দল। পরে উদ্ধারকৃত শাড়িগুলো জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮ লাখ টাকা। বিধি মোতাবেক এসব মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সকল ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে বলেও জানিয়েছে বিজিবি।




























