
। মোতালেব হোসেন(কুমিল্লা)।। কুমিল্লার ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।মঙ্গলবার বিকেল ৫টায় কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় রেজিস্ট্রেশন পর্বের উদ্বোধন করেন।কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড় রেজিস্ট্রেশন ও মাঠের খেলাধুলা নিয়ে সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস, সাপ্তাহিক গোমতির সম্পাদক মোবারক হোসেন, দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার সম্পাদক এম ফিরোজ মিয়া, প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আকাঈ এবং কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান।এ ছাড়া টুর্নামেন্ট ও খেলার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন মাই টিভির প্রতিনিধি আবু মুসা, আয়োজক কমিটির অন্যতম সদস্য জহিরুল হক বাবু, শাহ ইমরান, মারুফ কল্প, অমিত মজুমদার, হাবিবুর রহমান মুন্না, ইয়াসিনসহ সংশ্লিষ্টরা।আয়োজকরা জানান, এবারের ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। কুমিল্লা জেলায় কর্মরত সাংবাদিকরা এ টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবেন। খেলোয়াড়দের রেজিস্ট্রেশন কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী সাংবাদিকদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরে মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিবছরের মতো এবারও কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ আয়োজন প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা।রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মরহুম সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিশেলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা। বক্তারা তাঁর সাংবাদিকতা জীবনের বিভিন্ন স্মৃতির কথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে কুমিল্লার সাংবাদিকদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রেজিস্ট্রেশন পর্ব শেষে দল গঠনসহ টুর্নামেন্টের পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে জানান আয়োজকরা।


























