
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় ৪৪৫তম স্কাউটিং বিষয়ক একদিনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় এবং ভোলা জেলা রোভারের ব্যবস্থাপনা ও অর্থায়নে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ হলরুমে এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। এতে ভোলা জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ ও প্রতিষ্ঠানের ৫৩ জন প্রশিক্ষণার্থী এবং ৫ জন রিসোর্স পারসন অংশগ্রহণ করেন। এরআগে রোভার পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী কোর্সের উদ্বোধন করেন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি।
বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা রোভারের কমিশনার মো. মাজাহারুল ইসলামের সভাপতিত্বে ও জেলা রোভারের সম্পাদক সহকারী অধ্যাপক মো. এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠিত কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।
এছাড়া ওরিয়েন্টেশন কোর্সে রিসোর্স পারসন হিসেবে ভোলা জেলা রোভারের প্রাক্তন কমিশনার অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার এলটি, বরিশাল বিভাগীয় রোভার প্রতিনিধি প্রফেসর এ কে আজাদ এলটি এবং ভোলা জেলা রোভারের সাবেক সম্পাদক মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিভিন্ন সেশন ও প্রশিক্ষণ কার্যক্রম শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ওরিয়েন্টেশন কোর্সের সনদ বিতরণ করা হয়। কোর্স লিডার প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি প্রশিক্ষণার্থীদের হাতে এসব সনদ তুলে দেন।
কোর্সে স্কাউটিংয়ের বিভিন্ন বিষয়, কার্যক্রম ও দায়িত্ব পালনের বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে রোভার স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে।



























