
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিলমাড়ীয়া ইউনিয়নের লালপুর-ভেল্লাবাড়িয়া সড়কের মহারাজপুর শ্মশানসংলগ্ন সেতুর ওপর অভিযান পরিচালনা করেন।অভিযানে মো. আজিম আলী (২৬), মো. মনোয়ার হোসেন (৩২) ও মো. ফরহাদ আলীকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই লালপুর উপজেলার বাসিন্দা।গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৫ গ্রাম), দুটি স্মার্ট মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি DAYANG ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের আদালতে পাঠানো হবে।




























