
।
গোলাম রাব্বি, লালপুর(নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মহারাজপুর মধ্যপাড়া এলাকার একটি টিনশেড ভবনের কক্ষে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোঃ আরিফুল ইসলাম (৩৩), পিতা মোঃ ফরজ উদ্দিন মন্ডল; মোঃ রাকিবুল ইসলাম (২৩), পিতা মোঃ মোস্তাক আলী; এবং মোঃ ইমন ইসলাম (২২), পিতা মোঃ মারিফুল ইসলাম। তাদের মধ্যে আরিফুল ইসলাম ও রাকিবুল ইসলাম মহারাজপুর মধ্যপাড়া এলাকার এবং ইমন ইসলাম নবীনগর প্রথমপাড়া এলাকার বাসিন্দা। তারা সবাই লালপুর থানার অন্তর্গত নাটোর জেলার বাসিন্দা।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানকালে এ কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের ১ অক্টোবর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।




























