
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে নাটোরের লালপুরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানকে সামনে রেখে সোমবার (২৯ জুন) দুপুরে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (বিএম সংযুক্ত) প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন ভার্চুয়ালি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির আওতায় দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। উদ্বোধনী পর্বে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকতউল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনা রশিদ পাপ্পু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মোহাম্মদ ইলিয়াস হোসেন। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, “প্রতিটি শিশুর হাতে একটি করে গাছ তুলে দিয়ে সেই গাছের পরিচর্যার দায়িত্ববোধ তৈরি করা গেলে ভবিষ্যতে পরিবেশ রক্ষায় একটি সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে উঠবে।” তারা সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং রোপিত গাছের নিয়মিত পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।




























