
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত ও সমালোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরনী দাস (ওরফে তাওহিদ ইসলাম)কে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঢাকা সিআইডি পুলিশের একটি দল এবং গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পলাশবাড়ী উপজেলার একটি মন্দির থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা একটি মানি লন্ডারিং মামলার ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। তবে মামলার প্রকৃতি, অভিযোগের বিস্তারিত কিংবা অর্থ লেনদেন-সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী। ওসি সরোয়ার আলম খান বলেন, গ্রেফতার ব্যক্তিকে সংশ্লিষ্ট মামলার আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হরিদাস চন্দ্র তরনী দাসকে ঘিরে দীর্ঘদিন ধরে গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে নানা আলোচনা-সমালোচনা চলছিল। তার বিষয়ে বিভিন্ন সময়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গাইবান্ধা জেলা শাখা, ইমাম-ওলামা পরিষদ, সচেতন নাগরিক ফোরাম, তৌহিদী জনতাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া, সংশ্লিষ্ট সূত্রের দাবি, এর আগেও হরিদাস চন্দ্র তরনী দাস একটি প্রতারণা মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন। তবে উল্লেখ্য, কোনো ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হন।





























