
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ
মোঃ জসিম উদ্দিন (রহমানী)
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম বেহাল দশায় পড়ে রয়েছে। স্থানীয় ছৈলা বুনিয়া স্লুইসগেটের পশ্চিম পাশের এই সড়কটি বছরের পর বছর অবহেলিত থাকায় বর্তমানে পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি সরকারের আমলে তৎকালীন সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর উদ্যোগে সড়কটি নির্মাণ করা হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক পটভূমির কারণেই বিগত সরকারের আমলে সড়কটিতে কোনো ধরনের উন্নয়ন বা সংস্কার কাজ করা হয়নি। দীর্ঘ সময় ধরে সংস্কার না করায় পিচ ও মাটি উঠে গিয়ে পুরো সড়ক জুড়ে এখন বড় বড় খাদের সৃষ্টি হয়েছে।
সড়কটির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোহাম্মদ রুবেল মল্লিক জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিদিন তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যার ফলে এলাকার মানুষকে বাধ্য হয়ে হেঁটেই যাতায়াত করতে হচ্ছে।
শিক্ষার্থী ও পথচারীদের ভোগান্তির কথা তুলে ধরে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ শামসুল ইসলাম ও মোহাম্মদ শাহজাহান বলেন, আগে এই পথে প্রতিদিন নানা ধরনের যানবাহন চলাচল করত। এখন হেঁটে চলাই দায় হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা, যাদের প্রতিদিন চরম ভয় ও ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হচ্ছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, দীর্ঘ সময় পর বর্তমানে বিএনপি আবার সরকার গঠন করেছে। তাই এই মানবিক দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবং স্বাভাবিক যানবাহন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি দ্রুত পুনর্নির্মাণ ও টেকসই সংস্কারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা।




























