
মো কামরুল হোসেন সুমন,মনপুরাঃভোলা জেলার মনপুরা উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেও কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় এলাকাজুড়ে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে ভরে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি করে, ফলে পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা। রাতের বেলায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক। প্রতিদিন হাজারো মানুষ এ পথ ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে স্থানীয় জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে। স্থানীয় আলেম হাফেজ মাওলানা নাহিদ হাসান শাহীন বলেন, “আমরা বহুবার আবেদন করেছি। জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। কিন্তু এখনও পর্যন্ত রাস্তার কোনো সংস্কার কাজ শুরু হয়নি। মনে হচ্ছে আমাদের দুর্ভোগ দেখার যেন কেউ নেই।” এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হোক। তাদের আশঙ্কা, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে এবং সড়কটি সম্পূর্ণ অচল হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় সচেতন মহল মনে করছে, জনগণের মৌলিক যাতায়াত সুবিধা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তারা দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে সড়কটির পুনর্নির্মাণ ও সংস্কার কাজ শুরু করার দাবি জানিয়েছেন।




























