
মো কামরুল হোসেন সুমন,মনপুরাঃভোলার মনপুরা উপজেলায় মা ইলিশ ও মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না-দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৫ লাখ টাকা বলে ধারনা করা হয়েছে। জানা গেছে, গত বুধবার (২৪ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার মাকসুদ এন্টারপ্রাইজে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্টগার্ড সদস্যরা ১০০ পিস চায়না-দুয়ারি জাল এবং প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করেন। পরে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় মনপুরা উপজেলা মৎস্য বিভাগের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়।তাঁদের উপস্থিতিতে কোস্টগার্ড সদস্যরা জব্দকৃত চায়না-দুয়ারি ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। এ সময় ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা, মা ইলিশ ও জাটকা সংরক্ষণ এবং নদী ও উপকূলীয় জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে অবৈধ জালের বিরুদ্ধে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, কারেন্ট জাল ও চায়ন-দুয়ারি জালের ব্যবহার মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জালের মাধ্যমে নির্বিচারে মাছ ও মাছের পোনা নিধন করা হয়, যা দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত। তাই মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন,জাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির ছোট মাছ নিধনে জড়িতদের উপর সব সময় আমাদের টিম নিয়োজিত আছে। উক্ত অভিযান মনপুরা কোস্ট গার্ডের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।




























