
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক আব্দুল আজিজ মোল্লা। সম্প্রতি উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদী গ্রামের কৃষক মোস্তফার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে ভুক্তভোগী পরিবারের ৪টি গরু ও ৪টি ছাগল সহ মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
শনিবার রাতে (২২ আগষ্ট) ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ব্যক্তিগত তহবিল থেকে ২৫ হাজার টাকা এবং ওনাদের সামাজিক সংগঠন মুরাদনগর দক্ষিণ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা তুলে দেন আজিজ মোল্লা। এছাড়াও আগুনে ক্ষতিগ্রস্ত আরেকটি পরিবারকে নিজ ও সংগঠনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজিজ মোল্লা বলেন, "বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। আকস্মিক এই অগ্নিকাণ্ডে পরিবারগুলো অত্যন্ত অসহায় হয়ে পড়েছে। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও যার যার অবস্থান থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।"
এ সময় জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, স্থানীয় ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




























