
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন প্রবাসী মানব কল্যাণ সংগঠন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকালে উপজেলার শ্রীকাইল কৃষ্ণকুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই ইউএপি ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান কে. এম. মুজিবুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ও বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট মনিরুল হক জর্জ।
এ সময় বক্তারা বলেন, তরুণ প্রজন্ম ও যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে তাদের খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে। এছাড়াও খেলাধুলা একজন মানুষের শারীরিক ও মানসিক প্রশান্তি জোগায়। শরীরচর্চা বা ক্রীড়া জ্ঞানচর্চার অবিচ্ছেদ্য অংশ। খেলাধুলা মনের দরজা জানালা খুলে দেয়।
টুর্নামেন্টের উদ্বোধনী ১ম ম্যাচে জাফরগঞ্জ ফুটবল একাডেমীকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে সাহেদাগোপ ইয়াং স্টার ফুটবল একাদশ। খেলা দেখতে মাঠে স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে।




























